Jagonews24
সাংবাদিকদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকদের কল্যাণ এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দ্রুত দশম ওয়েজবোর্ড গঠন করা প্রয়োজন। বর্তমানে নবম ওয়েজ বোর্ড কার্যকর থাকলেও মালিকপক্ষের মামলার কারণে এটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। সাংবাদিকরা ভালো থাকলে দেশ ও গণতন্ত্রও ভালো থাকবে বলে তিনি মন্তব্য করেন। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। এছাড়া অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন। কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণমাধ্যমকে এরই মধ্যে শিল্প হিসেবে ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে, তবে বাস্তবে এটি এখনো পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা পায়নি। শিল্পের যথাযথ মর্যাদা না পাওয়ায় অনেক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের মতো সাংবাদিকদের জন্যও নিয়মিত বেতন কাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত। হুইপ বলেন, আমি সবসময় সাংবাদিকদের আপনজন হিসেবে বিবেচনা করি। কোনো সাংবাদিক যেন জীবনের শেষ সময়ে অর্থকষ্টে বা বিনা চিকিৎসায় মানবেতর অবস্থায় মৃত্যুবরণ না করেন, তা সরকার বা সংশ্লিষ্টরা চান না। তিনি পেশাদার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করে নবীন সাংবাদিকদের অভিজ্ঞদের অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, যা একটি মাইলফলক হয়ে থাকবে। গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়া সাংবাদিকদের কার্যালয়-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমওএস/এমএএইচ/
Go to News Site