Collector
উত্তরায় বার থেকে গ্রেফতার হয়ে আলোচনায় শাবনূরের নায়ক মাসুদ শেখ | Collector
উত্তরায় বার থেকে গ্রেফতার হয়ে আলোচনায় শাবনূরের নায়ক মাসুদ শেখ
Jagonews24

উত্তরায় বার থেকে গ্রেফতার হয়ে আলোচনায় শাবনূরের নায়ক মাসুদ শেখ

মাসুদ শেখ। নায়ক হিসেবে খুব বেশি জনপ্রিয় তিনি ছিলেন না। অল্প কিছু সিনেমায় অভিনয় করেছিলেন পারিবারিক সূত্রেই। তবে সেই সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে দেশজুড়ে পরিচিতি লাভ করেন মাসুদ। শাবনূরের সঙ্গে ‌‘জামিন নাই’, ‘আসামি বধূ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সব রকম আলোচনার বাইরে চলে যাওয়া এই নায়ক হঠাৎ আলোচনায় এসেছেন গ্রেফতার হয়ে। রাজধানীর উত্তরার একটি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার নব্বই দশকের আলোচিত অভিনেতা মাসুদ শেখকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে বারটিতে উপস্থিত ১৪০ জনের সঙ্গে মাসুদ শেখকেও আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে তিন দিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন। উত্তরা পশ্চিম থানা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নায়ক মাসুদ শেখ খুব বেশি চলচ্চিত্রে অভিনয় না করলেও চলচ্চিত্র পরিবারের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তার বাবা মজিবুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাসনাবাদ কথাচিত্র’ থেকে একসময় বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছিল। ১৯৯৪ সালে প্রখ্যাত নির্মাতা কাজী হায়াত-এর ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সেই সময় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। তবে শাবনূরের নায়ক হিসেবেই পরিচিতি পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামি বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’ এবং ‘মানুষ কেন অমানুষ’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। দেশের জনপ্রিয় এক অভিনেত্রীকে বিয়ে করেছিলেন মাসুদ শেখ। সেই সংসারে বিচ্ছেদ হয়ে গেলে আর বিয়ে করেননি। হঠাৎ এই নায়ককে গ্রেফতারের ঘটনায় বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নব্বই দশকের এই পরিচিত মুখকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।   এলআইএ

Go to News Site