Somoy TV
ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার আইপিএলে সময় নষ্টের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে আহ্বান জানিয়েছেন যেন শুধু বোলিং দল নয়, ব্যাটার ও সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তার মতে, ক্রমবর্ধমান বিলম্ব ম্যাচের গতি ও প্রতিযোগিতার তীব্রতা কমিয়ে দিচ্ছে।ভারতের এই কিংবদন্তি স্বীকার করেছেন যে আইপিএলের উন্নতি মাঠের ভেতরে ও বাইরে দুই ক্ষেত্রেই হয়েছে। তবে ম্যাচের গতি এখনও এমন একটি জায়গা যেখানে দ্রুত পরিবর্তন প্রয়োজন।গাভাস্কার ‘মিড-ডে’তে তার কলামে লিখেছেন, ‘এবারের আইপিএল আগের বছরের চেয়ে সবদিক থেকেই ভালো। শুধু ক্রিকেট নয়, সামগ্রিক পরিবেশও উন্নত হয়েছে। তবে একটি জায়গা উন্নত করা দরকার, ম্যাচ শেষ করতে যে সময় লাগে। এখন ওভারগুলোর মাঝে ৬০ সেকেন্ডের টাইমার আছে, সেটি অতিক্রম করলে সতর্কবার্তার পর পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়। একই ধরনের শাস্তি ব্যাটারদের ক্ষেত্রেও প্রযোজ্য করা উচিত, যাতে তারা সময় নষ্ট না করে।’গাভাস্কার বলেন, দলগুলো ওভার-রেটের নিয়ম মানতে শিখেছে, কিন্তু নতুন ব্যাটার আসা এবং দীর্ঘ বিরতির কারণে ম্যাচের সময়ের পরিধি অযথা বেড়ে যাচ্ছে। তিনি প্রস্তাব দেন, বিদ্যমান সময়সীমা কমানো এবং সময়মতো প্রস্তুত না থাকলে কঠোর শাস্তি আরোপ করা উচিত। আরও পড়ুন: আউট হয়ে ক্ষোভ ঝেড়ে শাস্তির মুখে কলকাতার ব্যাটারগাভাস্কার মনে করেন, আধুনিক ডাগআউট ব্যবস্থার কারণে উইকেট পতনের পর এত দীর্ঘ সময় নেওয়ার প্রয়োজন নেই। তাই দুই মিনিটের সময়সীমা কমিয়ে এক মিনিট করা যেতে পারে।তিনি বলেন, ‘আজকাল সব ব্যাটার ডাগআউটে থাকে, আগের মতো ড্রেসিংরুমে নয়। তাই দুই মিনিটের সময় কমিয়ে এক মিনিট করা যেতে পারে। ব্যাটার প্রস্তুত না থাকলে সতর্কবার্তার পর পেনাল্টি রান দেওয়া উচিত। একইভাবে স্ট্র্যাটেজিক টাইমআউটের পর ঠিক ২ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে প্রথম বল করতে হবে—এটা এখন অপব্যবহার করা হচ্ছে। শাস্তি যদি ম্যাচের ফলাফলে প্রভাব না ফেলে, তাহলে তা কার্যকর হবে না।’ আরও পড়ুন: একাধিক রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল বাংলাদেশতিনি মাঠের বাইরের হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন, বিশেষ করে রিজার্ভ খেলোয়াড়দের ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করা নিয়ে। তার মতে, এটি খেলার ছন্দ নষ্ট করে এবং শৃঙ্খলা ভঙ্গ করে। এ ক্ষেত্রে ডিমেরিট পয়েন্ট ও দলীয় শাস্তির প্রস্তাব দেন তিনি।গাভাস্কারের মতে, আইপিএলের আসল শক্তি নির্ভুলতা ও শৃঙ্খলায়।তিনি বলেন, ‘আইপিএল একটি অসাধারণ টুর্নামেন্ট, কিন্তু কিছু ঢিলেঢালা ভাব ঢুকে পড়ছে যা ক্রিকেটের জন্য ভালো নয়। যদি সবসময় সতর্ক থাকা বিসিসিআই এটিকে আরও ঝকঝকে ও গতিশীল করতে ব্যবস্থা নেয়, তাহলে এটি বিশ্বের সেরা ও সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট হয়ে উঠবে।’
Go to News Site