Jagonews24
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি গরুর খামারে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া চারটি গরু উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি। গ্রেফতার ব্যক্তিরা হলেন সেলিম ওরফে সেনাম (৩৫), আমান উদ্দিন (৩৮) ও আব্দুল হামিদ (৪৫)। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল গভীর রাতে চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি গরুর খামারে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা খামারের কর্মচারী মো. সালাউদ্দিনকে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে খামার থেকে দুইটি গাভি, দুটি বাছুর এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৪ হাজার টাকা। ঘটনার পর খামারের মালিক মহিউদ্দীন বাদী হয়ে চান্দগাঁও থানায় ডাকাতির মামলা করেন। ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস গাড়িও জব্দ করা হয়েছে/ছবি: সংগৃহীত মামলার তদন্তে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরের নতুন ব্রিজ এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের হাইয়েস গাড়ি জব্দ করা হয়। পরে কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঈদগাঁও ও চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া চারটি গরু উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার অভিযান চলছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এমআরএএইচ/এমএমকে
Go to News Site