Somoy TV
আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে যদি রোনালদোর হাতে ওঠে ২০২৬ ফুটবল বিশ্বকাপ ট্রফি, তবে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এমন স্বপ্ন এখন দেখছেন পর্তুগিজ সমর্থকেরা। আর সেই স্বপ্ন পূরণে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত রোনালদো ও তার সতীর্থরা।৪১ বছর বয়সেও অবিশ্বাস্য ফিটনেস আর অদম্য মানসিকতায় আরও একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ‘সিআর সেভেন’। শুধু অংশগ্রহণ নয়, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি। রোনালদোর এই শেষ বিশ্বকাপকে বিশেষ করে তুলতে চান ব্রুনো ফার্নান্দেজও।ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনিকে দেয়া বিবিসি'র এক সাক্ষাৎকারে ব্রুনো বলেন, ‘দেশকে গর্বিত করতে আমি সর্বোচ্চটা দেব। ক্রিস্টিয়ানোর সঙ্গে এই শেষ বিশ্বকাপ জিততে পারলে সেটি হবে অসাধারণ। শুধু পর্তুগালের জন্য নয়, ফুটবলের জন্য সে যা করেছে, তার জন্যও সে এমন বিদায় প্রাপ্য।’আরও পড়ুন: ৪১ বছর বয়সেও রোনালদোর অবিশ্বাস্য ফিটনেসের রহস্য ফাঁস রবার্তো মার্টিনেজও মনে করেন, রোনালদোর সবচেয়ে বড় শক্তি তার মানসিক দৃঢ়তা। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোল করা এই তারকাকে নিয়ে পর্তুগাল কোচ বলেন, ‘খেলোয়াড়কে অবসর নিতে বাধ্য করে শুধু শরীর নয়, মনও। ক্রিস্টিয়ানোর মন এখনও থামতে রাজি নয়।’এদিকে আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ক্যারিয়ার নিয়েও আলোচনায় আছেন ব্রুনো। ইউনাইটেডের মিডফিল্ডারকে নিয়ে সৌদি প্রো লিগেরর আগ্রহের গুঞ্জন থাকলেও, রেড ডেভিল জানিয়েছে—এই গ্রীষ্মে কোনোভাবেই ফার্নান্দেজকে ছাড়ছে না তারা।
Go to News Site