Jagonews24
স্পেন ও উত্তর আফ্রিকার উপকূল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ কর্তৃপক্ষ। গত সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে একটি মার্কিন গণমাধ্যম। জাহাজটির ক্রুরা পানিতে ভাসতে থাকা একটি কমলা রঙের লাইফ জ্যাকেট দেখতে পেয়ে পথ পরিবর্তন করে এবং পরে অভিবাসীদের মরদেহগুলো খুঁজে পায়। তিন হাজারের বেশি যাত্রী বহনকারী মার্কিন বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘স্যাফায়ার প্রিন্সেস’ ওই সময় সমুদ্রে অবস্থান করছিল।ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ডুবে যাওয়া অভিবাসনপ্রত্যাশী ছিলেন। জাহাজটি ১৯ এপ্রিল ইতালির রোমের কাছে একটি বন্দর থেকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। মরদেহ উদ্ধারের সময় এটি স্পেন ও উত্তর আফ্রিকার উপকূলের মাঝামাঝি অবস্থান করছিল। উদ্ধার অভিযান শেষে জাহাজটি আবার তার নির্ধারিত পথে যাত্রা অব্যাহত রাখে। যাত্রীদের তথ্য অনুযায়ী, প্রথম লাইফ জ্যাকেটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে শনাক্ত করা হয়। এরপর পরিস্থিতি যাচাই করতে জাহাজটি দিক পরিবর্তন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের পোশাক ও কালো শর্টস পরা এক ব্যক্তির মরদেহ পানির ওপর থেকে তুলে একটি উদ্ধার নৌকায় নেওয়া হচ্ছে। পরে মরদেহটি একটি ত্রিপল দিয়ে ঢেকে জাহাজে তোলা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে জাহাজটি আবার যাত্রা শুরু করে বলে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই পানিতে আরেকটি লাইফ জ্যাকেট দেখা যায়। এরপর সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। শেষ পর্যন্ত মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে জাহাজের ক্যাপ্টেন যাত্রীদের জানান যে অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে। একজন যাত্রী বলেন, ‘দৃশ্যটি খুবই মর্মান্তিক ছিল, আমি কাঁপছিলাম।’ তিনি আরও জানান, ক্রুরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু সবাই হতবাক ছিল। আমি যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে তারা অভিবাসী ছিলেন। ওই যাত্রী আরও জানান, জাহাজের কর্মীরা যাত্রীদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থাও করে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস এমআরএম
Go to News Site