Somoy TV
বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এমনই সুখবর দিয়েছেন ‘বলিউড পারফেকশনিস্ট’ খ্যাত তারকা আমির খান। দীর্ঘ ১৭ বছর পর জনপ্রিয় সিনেমার সিক্যুয়েলের কাজ শুরু হওয়ার খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা আমির খান জানিয়েছেন, সিনেমাটির সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে। এর চিত্রনাট্য তার হাতে এসেছে যেটি বেশ পছন্দ হয়েছে তার। একটি বিশ্বস্ত সূত্র বলছে, ‘থ্রি ইডিয়টস’ সিনেমার পরিচিত মুখ আমির খানের মতো কারিনা কাপুর, আর. মাধবন ও শরমন যোশিকেও এবারের সিক্যুয়েলে একসঙ্গে দেখা যেতে পারে। ইঙ্গিত মিলেছে, পুরনো টিম নিয়েই নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, আগের মতো এবারও মূল সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। এদিকে আমির খান জানিয়েছেন, নতুন গল্পের কাহিনি আগের সিনেমার গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে, তবে সময়ের ব্যবধানে এতে যুক্ত হবে নতুন মাত্রা। প্রথম ছবির মতোই এতে থাকবে হাস্যরস, আবেগ এবং ছকভাঙা গল্প বলার ধরন। ‘থ্রি ইডিয়টস টু’ গল্পে তুলে ধরা হবে প্রায় ১০ বছর পরের ঘটনা। ধারণা করা হচ্ছে, র্যাঞ্চো ও পিয়ার বিয়ের পরবর্তী জীবন থেকে গল্পের সূচনা হতে পারে। পাশাপাশি নতুন অ্যাডভেঞ্চারে দেখা যাবে র্যাঞ্চো-রাজু-ফারহান ত্রয়ীকে। আরও পড়ুন: সিনেমা মুক্তির আগেই ক্ষুব্ধ রোশান, নীরব বুবলী সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কাজ এগিয়ে নিতে রাজকুমার হিরানি তার অন্য একটি বায়োপিক প্রকল্প আপাতত স্থগিত রেখেছেন। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে সিনেমাটির শুটিং। পুরনো টিমের সম্ভাব্য পুনর্মিলন ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। তবে সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আরও পড়ুন: কেরালার জঙ্গলে রাশমিকা প্রসঙ্গত, ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তিন বন্ধুর শিক্ষাজীবন নিয়ে নির্মিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায় মুখ্য তিন বন্ধুর চরিত্রে অভিনয়ে ছিলেন আমির খান, আর মাধবন ও শারমান যোশি। আমির খানের প্রেমিকা হিসেবে সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। প্রেক্ষাগৃহে মুক্তির পরই সিনেমাটি দর্শকপ্রিয়তায় ঝড় তোলে বক্স অফিসে।
Go to News Site