Collector
হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষার পর নড়েচড়ে বসল প্রশাসন | Collector
হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষার পর নড়েচড়ে বসল প্রশাসন
Somoy TV

হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষার পর নড়েচড়ে বসল প্রশাসন

টানা ভারি বর্ষণে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় কুমিল্লার আলোচিত সেই ঈশ্বর পাঠশালা পরীক্ষাকেন্দ্রে কক্ষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। হাঁটুসমান পানিতে বসে ১৪১ জন এসএসসি পরীক্ষার্থীর দুর্ভোগের পর এ পদক্ষেপ নেয়া হলো।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ভারি বৃষ্টির কারণে কুমিল্লা নগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের টিনশেড ভবনের চারটি কক্ষ পানিতে তলিয়ে যায়। কক্ষগুলোতে হাঁটুসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগ নিয়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ওই টিনশেড ভবনের চারটি কক্ষে কুমিল্লা মডার্ন উচ্চ বিদ্যালয়, ইবনে তাহমিয়া উচ্চ বিদ্যালয় এবং ইউসুফ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মোট ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। পানি জমে যাওয়ায় এসব শিক্ষার্থী হাঁটুসমান পানিতে বসেই পরীক্ষা সম্পন্ন করতে বাধ্য হয়। এ বিষয়ে কুমিল্লা জেলা আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান সময় সংবাদকে জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: হলে পানি ঢুকে পড়ায় বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা কুমিল্লা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ‘গত ১৫ থেকে ২০ বছর ধরে ওই টিনশেড ভবনের চারটি কক্ষে পরীক্ষা নেয়া হলেও আগে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি। শেষ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করলে পরীক্ষার সময় নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। তবে আগামী পরীক্ষা থেকে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা সময় সংবাদকে বলেন, ‘হঠাৎ এমন ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে কেউই প্রস্তুত ছিল না। জলাবদ্ধতার কারণে ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয়ের টিনশেড ভবনের চারটি কক্ষে আজ ১৪১ জন শিক্ষার্থীকে পানিতে বসে পরীক্ষা দিতে হয়েছে। বৈরী আবহাওয়ার কথা ভেবে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে আগামীকাল থেকে পাশের ভবনের ছয়তলায় তিনটি কক্ষে এবং দোতলায় একটি কক্ষে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Go to News Site