Collector
জামিন পাননি বাংলাদেশি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশাম | Collector
জামিন পাননি বাংলাদেশি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশাম
Somoy TV

জামিন পাননি বাংলাদেশি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশাম

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেফতার হিশাম আবুঘারবেহকে জামিন ছাড়াই কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার আদালত।স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হিলসবোরো কাউন্টি জজ লোগান মারফি এই আদেশ দেন। সংক্ষিপ্ত শুনানির সময় হিলসবোরো কাউন্টির বিচারক লোগান মারফি ২৭ বছর বয়সি হিশাম আবুঘারবেহকে কোনো সাক্ষী বা নিহতদের আত্মীয়দের সাথে যোগাযোগ না করার নির্দেশ দেন। শুনানি শেষে হিশামের জামিন নাকচ করেছেন আদালত। সংক্ষিপ্ত শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন না বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী হত‍্যা মামলার আসামি হিশাম। আরও পড়ুন: চ্যাটজিপিটিতে কী কী জানতে চেয়েছিলেন অভিযুক্ত হিশাম? এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যার অভিযোগে হিশাম আবুঘারবেহকে গ্রেফতার করা হয়। গত রোববার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। আদালতে জমা দেয়া নথি অনুযায়ী, লিমনের মরদেহ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ’র বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য! এ ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনও নিখোঁজ। তাকেও অভিযুক্ত ব্যক্তি হত্যার পর দেহ কয়েক টুকরো করে নদীতে ফেলে দিয়েছেন বলে তদন্তকারী সংস্থার কর্মকর্তারা ধারণা করছেন। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, ‘অভিযুক্তের দ্বারা সংঘটিত অপরাধের ধরন অত্যন্ত নির্মম ও সহিংস। তাকে মুক্তি দিলে সমাজের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। কোনো শর্তেই তার মুক্তি জনসাধারণকে নিরাপদ রাখতে পারবে না।’ হত্যার অভিযোগের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে মৃতদেহ গোপন করা, মৃত্যুর তথ্য আড়াল করা, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা এবং মারধরের অভিযোগও আনা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস।

Go to News Site