Collector
চট্টগ্রামে নিচু এলাকায় এখনো পানি পুরোপুরি নামেনি, ভোগান্তিতে নগরবাসী | Collector
চট্টগ্রামে নিচু এলাকায় এখনো পানি পুরোপুরি নামেনি, ভোগান্তিতে নগরবাসী
Jagonews24

চট্টগ্রামে নিচু এলাকায় এখনো পানি পুরোপুরি নামেনি, ভোগান্তিতে নগরবাসী

এক দিনের ভারী বৃষ্টিতেই নাকাল হয়ে পড়েছে চট্টগ্রাম নগরবাসী। বৃষ্টি থেমে গেলেও পরদিন বুধবারও নগরীর বিভিন্ন নিচু এলাকায় জমে থাকা পানি পুরোপুরি নামেনি। বুধবার সকাল ৯টা থেকে এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে স্বাভাবিক জীবনে ফেরেনি নগরবাসী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, বহদ্দারহাট ও হালিশহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে সড়কে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং বহু এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার (২৯ এপ্রিল) সকালেও কয়েকটি এলাকায় সড়কের পাশে পানি জমে থাকতে দেখা গেছে। বিশেষ করে নিচু বসতিপূর্ণ এলাকায় ঘরবাড়ির সামনে ও অলিগলিতে পানি আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। অনেককে পানি মাড়িয়ে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, নগরীর প্রবর্তক মোড়ে পানি নেমে গেলেও ময়লা ও কাদায় স্বাভাবিকভাবে চলাচল কষ্ট হচ্ছে। সড়কে ময়লা জমে থাকায় পথচারী ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নগরীর কাতালগঞ্জের পারভীন আক্তার জাগো নিউজকে জানান, আমার বাসার সামনে ও পেছনের রাস্তায় এখনো পানি জমাট বেধে আছে। বাজার করতে গিয়ে জুতা খুলে আসতে হয়েছে। এখনো আমাদের সড়কে ৩-৪ ইঞ্চি পানি সড়কে রয়ে গেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে কষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নগরীতে জলাবদ্ধতা নিরসনে একের পর এক প্রকল্প নেওয়া হলেও সামান্য বৃষ্টিতেই একই চিত্র ফিরে আসছে। খাল ও ড্রেন পরিষ্কারের কাজ চলমান থাকলেও দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এখনো নিশ্চিত হয়নি। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও বৃষ্টি হতে পারে। এতে জলাবদ্ধতা পরিস্থিতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নগরবাসীর দাবি, বর্ষা মৌসুমের শুরুতেই এমন দুর্ভোগ ভবিষ্যতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন তারা। এমআরএএইচ/এমআরএম

Go to News Site