Collector
সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই | Collector
সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই
Jagonews24

সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই

ফ্লাই দুবাই এয়ারলাইন্স সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম। বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনের ২৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মিজ আফরোজা খানম বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন, দুবাই, আবুধাবি, মাসকট, জেদ্দা, শারজাহ ও দোহা রুটে সপ্তাহে ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। তবে এ রুটগুলোতে এখনো অন্য কোনো এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে না। তিনি বলেন, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল ফ্লাই দুবাই এয়ারলাইন্স। পরে তারা বাংলাদেশ থেকে কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমানে সংস্থাটি পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এর আগে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, সিলেট-৬ এলাকার অধিকাংশ মানুষ বিদেশসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করেন। তবে আকাশপথে যাতায়াতের জন্য সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরই একমাত্র ভরসা হলেও সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হচ্ছে না। এ অবস্থায় তিনি সিলেটের প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা এবং বিদেশি পর্যটকদের ভোগান্তি কমানো ও রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে কি না—সে বিষয়ে সরকারের কাছে জানতে চান। আরএএস/এমএএইচ/

Go to News Site