Somoy TV
যুক্তরাষ্ট্র সরকার সীমিত সংখ্যক নতুন পাসপোর্ট ছাড়বে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছবি থাকবে। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে।প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই পাসপোর্ট চালু করা হবে। একজন প্রশাসনিক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, নতুন এই ডিজাইনের পাসপোর্টের জন্য যেকোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন। তবে এটি সীমিত সংখ্যায় থাকবে এবং যতদিন মজুত থাকবে ততদিনই দেয়া হবে। এই পাসপোর্ট শুধুমাত্র ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সি থেকেই পাওয়া যাবে। মার্কিন পররাষ্ট্র দফতর একটি নমুনা ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, পাসপোর্টে ট্রাম্পের একটি ছবি রয়েছে, যার চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা, আমেরিকার পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন দেশপ্রেমমূলক পাসপোর্ট ডিজাইন আমেরিকার ২৫০ বছর পূর্তি উদযাপনে অংশ নেয়ার আরেকটি চমৎকার উপায়।’ তিনি আরও বলেন, ‘ইউএফসি২৫০ ফাইট, গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার, ফ্রিডম২৫০ গ্রাঁ প্রি এবং এই নতুন পাসপোর্ট—সব মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ঐতিহাসিক উদযাপনে জাতীয় গর্ব ও দেশপ্রেমকে আরও জোরদার করছেন।’ বর্তমান মার্কিন পাসপোর্টে দেশের ইতিহাসের বিভিন্ন দৃশ্য, যেমন চাঁদে অবতরণ, এবং প্রতীকী স্থাপনা যেমন স্ট্যাচু অব লিবার্টির ছবি থাকে। আরও পড়ুন: নৈশভোজে ট্রাম্পকে ব্রিটিশ রাজার বিদ্রুপ / ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত তবে বিশেষ সংস্করণের এই পাসপোর্ট থেকে মার্কিন নাগরিকরা চাইলে বাদ থাকতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এই স্মারক পাসপোর্টটি সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি ও স্থাপনায় প্রেসিডেন্ট ট্রাম্পের নাম ও ছবি যুক্ত করার সর্বশেষ পদক্ষেপ। মার্কিন টাকশাল সম্প্রতি ২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্পের ছবি সম্বলিত একটি স্মারক স্বর্ণমুদ্রা চালুর পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া ট্রাম্প হতে যাচ্ছেন প্রথম বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, যার স্বাক্ষর যুক্তরাষ্ট্রের ব্যাংকনোটে থাকবে। কেনেডি সেন্টারের বোর্ড প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ. কেনেডির পরিবারের সদস্যরা নিন্দা করেছেন। এপ্রিলের শুরুতে হোয়াইট হাউস ‘আর্ক ডি ট্রাম্প’ নামে একটি স্বর্ণ অলংকৃত বিশাল বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা প্রকাশ করে। জনসাধারণ ও ঐতিহ্য সংরক্ষণবাদীদের ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও ওয়াশিংটনে ২৫০ ফুট (৭৬ মিটার) উচ্চতার এই স্থাপনার প্রাথমিক অনুমোদন দিয়েছে একটি ফেডারেল প্যানেল। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের একমাত্র ‘বিশেষ সম্পর্ক’ ইসরাইলের সঙ্গে, ফাঁস হওয়া মন্তব্যে ব্রিটেনের রাষ্ট্রদূত প্রেসিডেন্ট হোয়াইট হাউসেও স্থায়ী পরিবর্তন এনেছেন। একটি বলরুম নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে তিনি ভবনের হোয়াইট হাউস ইস্ট উইং ভেঙে ফেলেছেন। এ ঘটনায় ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, পরিকল্পনাগুলো ন্যাশনাল ক্যাপিটাল প্লানিং কমিশন-এ জমা দেয়ার আগেই নির্মাণকাজ শুরু করা হয়েছে।
Go to News Site