Collector
বিশ্বকাপের আগে নিরাপত্তা শঙ্কা, হোমল্যান্ড সিকিউরিটি পুনরায় চালুর দাবি হোয়াইট হাউসের | Collector
বিশ্বকাপের আগে নিরাপত্তা শঙ্কা, হোমল্যান্ড সিকিউরিটি পুনরায় চালুর দাবি হোয়াইট হাউসের
Somoy TV

বিশ্বকাপের আগে নিরাপত্তা শঙ্কা, হোমল্যান্ড সিকিউরিটি পুনরায় চালুর দাবি হোয়াইট হাউসের

যুক্তরাষ্ট্রে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার মতে, দীর্ঘদিন ধরে আংশিকভাবে বন্ধ থাকা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দ্রুত পুনরায় চালু করা এখন ‘অত্যাবশ্যক’ হয়ে পড়েছে।সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে একটি গালার সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুত্ব পায়। অভিযোগ অনুযায়ী, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নিরাপত্তা চেকপয়েন্ট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং তার কাছে একটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি পাম্প-অ্যাকশন শটগান ও তিনটি ছুরি পাওয়া যায়। আদালতে হাজির হলেও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। ঘটনার পরপরই হোয়াইট হাউস একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা পর্যালোচনা শুরু করেছে। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরও পড়ুন: ফিফার পিস প্রাইজের জন্য ট্রাম্পের চেয়ে যোগ্য কেউ নেই হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি এক বিবৃতিতে বলেন, ‘ওয়াশিংটনের ঘটনাগুলো আমাদের দেশের ওপর বিদ্যমান অনিশ্চিত হুমকির একটি সতর্কবার্তা। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও সিক্রেট সার্ভিসের প্রতিক্রিয়ায় প্রাণহানি এড়ানো গেছে, তবে এটি দেখিয়েছে যে একটি পূর্ণাঙ্গ ডিএইচএস কতটা গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপের মতো বিশাল আয়োজন, যেখানে লক্ষাধিক দর্শনার্থী ও শতাধিক বড় ইভেন্ট থাকবে, সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে ডিএইচএস পুনরায় কার্যকর করা অপরিহার্য।’ বাজেট নিয়ে কংগ্রেসে রাজনৈতিক মতবিরোধের কারণে গত নয় সপ্তাহ ধরে ডিএইচএস আংশিকভাবে অচল রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে ফেডারেল ও স্থানীয় সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ব্যাহত হচ্ছে, যা বিশ্বকাপের প্রস্তুতিকে প্রভাবিত করছে। আরও পড়ুন: বস্টনে বিশ্বকাপ ম্যাচ ঘিরে ‘টেইলগেটিং’ অনুমোদন, সিদ্ধান্ত বদলালো ফিফা অন্যদিকে, রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক লওলার পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটি এমন এক আন্তর্জাতিক আয়োজন যেখানে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ সেই দায়িত্বে থাকা বিভাগই দীর্ঘদিন ধরে অচল।’ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ৪৮ দলের এই বিশ্বকাপ আয়োজন করবে। তবে তার আগে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Go to News Site