Somoy TV
খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) মহালছড়ি জোনের আওতাধীন খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।চিকিৎসা ক্যাম্পে দুর্গম এলাকার ৩ শতাধিক মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে শিশু, নারী ও বয়স্ক রোগীদের জন্য পৃথকভাবে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়। সাধারণ জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগের চিকিৎসা দেয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যাতে সহজে চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আরএমও ক্যাপ্টেন লাবনী জামান বলেন, ‘অনেক রোগী দীর্ঘদিন চিকিৎসার বাইরে ছিলেন। এ ক্যাম্পের মাধ্যমে তারা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন, যা তাদের জন্য খুবই উপকারী।’আরও পড়ুন: খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা পেলেন ১ হাজার রোগীমহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী জানান, পাহাড়ি এলাকার প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে আরও বেশি মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা অনুরা চাকমা বলেন, ‘আমাদের এলাকায় ভালো চিকিৎসার সুযোগ কম। আজ এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব উপকার হয়েছে, সঙ্গে ওষুধও পেয়েছি।’আরেক সেবাগ্রহীতা মো. জসিম উদ্দিন বলেন, ‘দূরে হাসপাতালে যেতে অনেক কষ্ট হয়। সেনাবাহিনীর এই উদ্যোগে আমরা গ্রামের কাছেই চিকিৎসা পাচ্ছি, এটা আমাদের জন্য বড় সহায়তা।’স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি এলাকার জনসাধারণের মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি করেছে।
Go to News Site