Somoy TV
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিএনপির সঙ্গে চীনের ঐতিহ্যগত সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়ে এই সম্পর্ক সুদৃঢ় ছিল বলে তিনি স্মরণ করেন।বুধবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (তেজগাঁও) প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করছে। তিনি হাই-টেক ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ার, আইসিটি, ই-ভেহিকলস, ম্যানুফ্যাকচারিং এবং কৃষি খাতে যৌথভাবে কাজ করার ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে বাংলাদেশে একটি ‘চাইনিজ ইপিজেড’ স্থাপনের সম্ভাবনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়।রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষা খাতের মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ ছাড়া শ্রমবাজারে এক্সচেঞ্জ প্রোগ্রাম, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে চীন কাজ করতে আগ্রহী। শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ আরও বাড়ানো হবে বলেও তিনি জানান। আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আশ্বাসবর্তমান সরকারের গৃহীত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের উদ্যোগকে স্বাগত জানান চীনা রাষ্ট্রদূত। এ ছাড়া তৈরি পোশাক, টেক্সটাইল ও ইলেকট্রনিক ডিভাইস খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে এসব খাতে কারিগরি সহায়তার কথা উল্লেখ করেন তিনি।বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দুই দেশ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ইলেকট্রিক বাস চালুর বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
Go to News Site