Jagonews24
যুক্তরাষ্ট্র ও এর ইউরো-আটলান্টিক মিত্ররা রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থা (অর্গানাইজেশন ফর দ্যা প্রোহেবিটেশন অফ কেমিক্যাল উইপেন্স-ওপিসিডব্লিউ)-কে ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। বুধবার (২৯ এপ্রিল) রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক মন্তব্যে এমন অভিযোগ করা হয়েছে সংবাদ প্রকাশ করেছে তাস। মন্তব্যে বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরো-আটলান্টিক জোট ওপিসিডব্লিউ-কে তাদের তথাকথিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার একটি হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে। এ প্রসঙ্গে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে ১৯৯৬ সালের ২১ মার্চ গৃহীত একটি ফেডারেল কর্মসূচির আওতায় রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মোট ৩৯ হাজার ৯৬৭ টন বিষাক্ত রাসায়নিক পদার্থ অর্থাৎ ঘোষিত মজুদের ১০০ শতাংশ ধ্বংস করা হয়েছে। রাশিয়ার মন্তব্য অনুযায়ী, ২০০২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া তার সব রাসায়নিক অস্ত্র সম্পূর্ণ ধ্বংস করে। এতে ৪৩ লাখের বেশি রাসায়নিক অস্ত্র, বড় আকারের ট্যাংক ও শতাধিক কনটেইনার ধ্বংস করা হয়, যার মধ্যে সারিন, সোমান, ভিএক্স, মাস্টার্ড গ্যাস ও লিউইসাইটের মতো বিষাক্ত উপাদান ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০২৩ সালে তাদের পুরো মজুত ধ্বংসের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের কাছে একসময় প্রায় ৩০ হাজার টন রাসায়নিক অস্ত্র ছিল। রাশিয়ার মতে, এই ধ্বংস প্রক্রিয়া ওপিসিডব্লিউ পরিদর্শকদের ২৪ ঘণ্টা তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে এবং তারা তা নিশ্চিতও করেছে। তবে রাশিয়ার নিরাপত্তা পরিষদ দাবি করেছে, পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র আরও আগে এই দায়িত্ব পালন করতে পারত, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটি বিলম্বিত করেছে। কেএম
Go to News Site