Somoy TV
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় থাকা তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী নিজের ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ থাকার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। তবে সরাসরি জবাব না দিয়ে রসিকতার সুরেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে রাজস্থান রয়্যালস। সেখানে সূর্যবংশীকে প্রশ্ন করা হয়, তিনি কি সত্যিই ব্যাটে এআই চিপ ব্যবহার করছেন? জবাবে এই কিশোর ব্যাটার বলেন, ‘ঈশ্বরই লাগিয়ে দিয়েছেন। উপর থেকে বলেছিলেন, তোমার ব্যাটে একটা জিনিস বসিয়ে দিচ্ছি। আমি সেটাই ব্যবহার করছি।’ তার এই মন্তব্যে স্পষ্ট, সমালোচনার জবাব তিনি দিয়েছেন ব্যঙ্গের ছলে। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সূর্যবংশীর ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার নৌমান নিয়াজ। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে শতরান করার পর নিজের ইউটিউব চ্যানেলে নিয়াজ বলেছিলেন, এই ব্যাটারের ব্যাট পরীক্ষা করা উচিত। তার দাবি ছিল, এমন পারফরম্যান্স ‘স্বাভাবিকের বাইরে’, এমনকি তিনি ব্যাটে এআই চিপ থাকার কথাও ইঙ্গিত করেন। আরও পড়ুন: তামিম বিসিবি সভাপতি হলে দেশের ক্রিকেট উপকৃত হবে: সাকিব তবে মাঠের পারফরম্যান্সই যেন সব প্রশ্নের জবাব দিয়ে চলেছে সূর্যবংশীর ব্যাট। এবারের আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন ৪০০ রান। রয়েছে একটি শতক ও দুটি অর্ধশতক। গড় ৪৪.৪৪, আর স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো—২৩৮.০৯। সমালোচনা, প্রশংসা; সবকিছুর মধ্যেই নিজের খেলায় মনোযোগী এই তরুণ। আর ব্যাটে ‘এআই চিপ’ বিতর্ক? সেটিকে আপাতত হাস্যরসেই মিটিয়ে দিলেন তিনি।
Go to News Site