Collector
প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক | Collector
প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক
Somoy TV

প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

স্পেনের সেগুন্দা ডিভিশনের উত্তপ্ত ডার্বিতে প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনায় বড় শাস্তি পেলেন আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। রিয়াল জারাগোজার এই খেলোয়াড়কে মোট ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।গত রোববার উয়েসকার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ডার্বির যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান আন্দ্রাদা। মাঠ ছাড়ার আগে হঠাৎ তিনি দৌড়ে গিয়ে উয়েসকার অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুষি মারেন। এই ঘটনার জেরে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আরও দুজনকে লাল কার্ড দেখান রেফারি। তারা হলেন উয়েসকার গোলরক্ষক দানি হিমেনেস এবং জারাগোজার দানি তাসেন্দে। আরও পড়ুন: বিশ্বকাপের আগে নিরাপত্তা শঙ্কা, হোমল্যান্ড সিকিউরিটি পুনরায় চালুর দাবি হোয়াইট হাউসের ফেডারেশন আন্দ্রাদাকে ঘুষি মারার ঘটনায় ১২ ম্যাচ নিষিদ্ধ করেছে। এর সঙ্গে লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হয়ে মোট শাস্তি দাঁড়িয়েছে ১৩ ম্যাচ। ঘটনার পর নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলরক্ষক। আন্দ্রাদা বলেন, ‘ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। এটি ক্লাব, সমর্থক এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমার জন্য মোটেও ভালো উদাহরণ নয়। হোর্হে পুলিদোর কাছেও আমি ক্ষমাপ্রার্থী। আমরা সহকর্মী, ভুলটা আমারই ছিল। মুহূর্তের জন্য আমি নিয়ন্ত্রণ হারিয়েছিলাম।’ তিনি আরও জানান, ক্যারিয়ারে এর আগে মাত্র একবারই লাল কার্ড দেখেছিলেন, সেটিও ছিল পেনাল্টি এলাকার বাইরে হ্যান্ডবলের কারণে। আরও পড়ুন: বিশ্বকাপের আগে পেশির চোটে মাঠের বাইরে আরও এক আর্জেন্টাইন এদিকে এক বিবৃতিতে জারাগোজা জানায়, ঘটনাটি তারা ‘কঠোরভাবে নিন্দা’ করছে এবং ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ম্যাচটি ১–০ গোলে হেরে জারাগোজা এখনও অবনমন অঞ্চলে রয়েছে। একই অবস্থানে আছে উয়েসকাও।

Go to News Site