Collector
বেশি লাভের আশায় কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বিপাকে ব্যবসায়ী | Collector
বেশি লাভের আশায় কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বিপাকে ব্যবসায়ী
Somoy TV

বেশি লাভের আশায় কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বিপাকে ব্যবসায়ী

সাতক্ষীরায় অধিক লাভের আশায় রাসায়নিক (কেমিক্যাল) মিশিয়ে পাকানো এক ট্রাক অপরিপক্ব গোবিন্দভোগ আম জব্দ করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা প্রায় ৯ মেট্রিক টন আম ধ্বংস করা হয়।বুধবার (২৯ এপ্রিল) ভোরে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে আমভর্তি ওই ট্রাকটি জব্দ করা হয়। পরে দুপুরে শহরতলীর বিনেরপোতা এলাকায় বর্জ্য ডাম্পিং পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কৃষি কর্মকর্তার উপস্থিতিতে রাসায়নিক মিশ্রিত ওই আমগুলো ধ্বংস করা হয়। জব্দ করা ট্রাকের চালক আলাউদ্দীন জানান, কালীগঞ্জ উপজেলার জিরোনগাছা এলাকা থেকে কয়েকজন ব্যবসায়ী ৩৫১ ক্যারেট গোবিন্দভোগ আম চট্টগ্রামের ফলপট্টি এলাকায় পাঠানোর জন্য ট্রাকটি ভাড়া করেন। পথিমধ্যেই পুলিশ আমের ট্রাকটি জব্দ করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, অপরিপক্ব আম রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে, এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে জব্দ করা হয়। তবে ট্রাকের চালক ও হেলপারকে ভবিষ্যতে এ ধরনের পণ্য পরিবহন না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আরও পড়ুন: সাতক্ষীরায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ, জরিমানা সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জব্দকৃত প্রায় ৯ মেট্রিক টন রাসায়নিক মিশ্রিত অপরিপক্ব আম ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, 'ব্যবসায়ীদের প্রতি বার্তা থাকবে, যারা অসাধু পন্থায় অপরিপক্ব আম বাজারজাত করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেয়া হবে।' উল্লেখ্য, জেলা প্রশাসন ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী আগামী ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ দেশীয় প্রজাতির আম বাজারজাত করতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।

Go to News Site