Somoy TV
ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মিডফিল্ডার কোবি মেইনু অবশেষে ক্লাবটির সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তিতে সম্মত হতে যাচ্ছেন। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ২০৩১ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই থাকার গুঞ্জন তার।ডেইলি মেইল স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, চুক্তি সম্পন্ন করতে মেইনুর পরিবার ইতিমধ্যে ক্যারিংটনে উপস্থিত হয়েছে। নতুন এই চুক্তিতে তার সাপ্তাহিক বেতন ৬৫০ শতাংশ বৃদ্ধি পাবে। বর্তমান বেতন পান ২০ হাজার পাউন্ড, যা গিয়ে দাঁড়াবে প্রায় ১ লাখ ৫০ হাজার পাউন্ডে। চুক্তিটি হলে তা তাকে ক্লাবের অন্যান্য তারকা খেলোয়াড়দের সমপর্যায়ে নিয়ে যাবে।প্রায় দুই বছর ধরে মেইনু ও তার প্রতিনিধিদের সঙ্গে ক্লাবের আলোচনা চলছে। দুই পক্ষ গত ফেব্রুয়ারিতে একটি সমঝোতায় পৌঁছেছিল। তৎকালীন কোচ রুবেন আমোরিমের অধীনে তার ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় চুক্তিটি চূড়ান্ত হয়নি।চুক্তির শেষ বাধা ছিল ইমেজ রাইটস সংক্রান্ত জটিলতা, যা সম্প্রতি মিটে যাওয়ায় স্বাক্ষর এখন সময়ের ব্যাপার মাত্র। ২১তম জন্মদিনের এক সপ্তাহের মধ্যেই এই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইংল্যান্ডের এই উদীয়মান ফুটবলার।আরও পড়ুন: মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ছেন ইংলিশ ডিফেন্ডারউল্লেখযোগ্য বিষয় হলো, সিনিয়র দলে নিয়মিত খেলার পরও এতদিন ইউনাইটেড স্কোয়াডে সর্বনিম্ন বেতনভুক্ত ছিলেন মেইনু। অন্যদিকে সতীর্থ ক্যাসেমিরো পান সপ্তাহে প্রায় ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড।ম্যানচেস্টারের ক্লাবটি কোচ পরিবর্তনের পর মেইনুর ক্যারিয়ারে নতুন মোড় আসে। মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি এবং পারফরম্যান্সেও উন্নতি দেখা গেছে। নতুন কোচের অধীনে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে নিজেও জানিয়েছেন মেইনু। এই পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইংল্যান্ড জাতীয় দলেও নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন তিনি, যেখানে কোচ থমাস টুখেলের অধীনে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে।
Go to News Site