Collector
জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: সংসদে তথ্যমন্ত্রী | Collector
জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: সংসদে তথ্যমন্ত্রী
Somoy TV

জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: সংসদে তথ্যমন্ত্রী

বিএনপি জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই দাবি করেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে এবং অতীতের শাসকরা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করলেও বিএনপি রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ধারা, সাংবিধানিক কাঠামো ও যুক্তিতর্কের মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছে। আজকের সংসদ তারই প্রমাণ।’ দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বিভিন্ন সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনৈতিক সমাধান চায় বলেও মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন। বর্তমান সংসদকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভিন্ন ও বৈচিত্র্যময় বাস্তবতার প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়। ভোটের আচরণ ও রাজনৈতিক সমীকরণের পরিবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বাস্তবতা তৈরি করেছে।’ আরও পড়ুন: সংবিধান সংশোধন: সংসদীয় কমিটিতে বিরোধীদলের সদস্য আহ্বান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দলটি বিভিন্ন সংকটে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। ১৯৭১, ১৯৭৫, ১৯৮২ এবং ২০২৪ সালের রাজনৈতিক ঘটনা প্রবাহ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় ভূমিকা রেখেছে। বর্তমান সরকার এমন এক অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে যেখানে দেশের ওপর প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। সরকার এরইমধ্যে এই সংকট মোকাবিলায় কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘শেয়ারবাজারের দৈনিক লেনদেন বৃদ্ধি পেয়ে প্রায় ৫০০ কোটি টাকা থেকে ১০০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহেও উন্নতি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালীর সংকট জ্বালানি আমদানিতে প্রভাব ফেলছে, যা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। তিনি বলেন, এসব বিষয়ে সংসদে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে।’ আগামী বাজেট প্রণয়নে অর্থমন্ত্রী প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন, যা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী।

Go to News Site