Jagonews24
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। গোয়েন্দা-রমনা বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ডিবি-রমনা বিভাগের একটি চৌকস দল কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. ইমরান চৌধুরী নামের একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ছোট ভাই মো. মোস্তাকিম চৌধুরী (২৫)-কে কেরাণীগঞ্জ থানাধীন জিয়ানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ও প্রাপ্ত তথ্য যাচাই করে পরবর্তীতে রিপন হোসেন শেখ ও আবু বক্কর-কে কামরাঙ্গীরচর থানাধীন রসুলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান এই কর্মকর্তা। এসময় গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট কয়েকটি বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সন্ত্রাস, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। কেআর/এমএসএম
Go to News Site