Collector
কক্সবাজারে হোটেলের কক্ষে মিললো অর্ধগলিত মরদেহ | Collector
কক্সবাজারে হোটেলের কক্ষে মিললো অর্ধগলিত মরদেহ
Jagonews24

কক্সবাজারে হোটেলের কক্ষে মিললো অর্ধগলিত মরদেহ

কক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হোটেল নিশীতার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল কর্তৃপক্ষের খবরে পুলিশ গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পায়। মরদেহ উদ্ধার করা অর্জুন দাশ (৬০) ফেনীর শ্রীধাম চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও হোটেল সূত্র জানায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেলের ওই কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বুধবার বিকেলে কক্ষটির সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান কর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভাঙার ব্যবস্থা করে। কক্ষে তাকে মৃত পেয়ে সুরতহাল করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয় মরদেহটি। উদ্ধারকালে মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা পাওয়া গেছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সায়ীদ আলমগীর/এফএ/এমএস

Go to News Site