Collector
এবার ছাত্রলীগ নেতা ছেলের জন্য কারাফটকে গেলো বাবার মরদেহ | Collector
এবার ছাত্রলীগ নেতা ছেলের জন্য কারাফটকে গেলো বাবার মরদেহ
Jagonews24

এবার ছাত্রলীগ নেতা ছেলের জন্য কারাফটকে গেলো বাবার মরদেহ

প্যারোলে মুক্তি না পাওয়ায় বরিশালে মৃত বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি কারাবন্দি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরুখ। প্যারোলে মুক্তির আবেদন করেও তা মঞ্জুর হয়নি বলে অভিযোগ স্বজনদের। পরে বাবার মরদেহ কারাগারের ফটকে নিয়ে গিয়ে শেষবারের মতো তাকে দেখানো হয়। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। কারাবন্দি আহসান শাহরুখ বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং নিউ সার্কুলার রোডের গাজী বাড়ি এলাকার বাসিন্দা মৃত আবুল বাশারের ছেলে। শাহরুখের ছোট ভাই আল আমিন জানান, চলতি মাসে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে আরও দুইবার তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তাদের বাবা আবুল বাশার মারা যান। পরে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হলেও রাজনৈতিক মামলার কথা শুনে দীর্ঘ সময় কেউ সহযোগিতা করেননি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি জানান, ‘প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়; জেলগেটে সাক্ষাতের ব্যবস্থা করা হবে।’ পরিবারের সদস্যরা এরপর মরদেহ নিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফটকে যান। স্বজনদের দাবি, সেখানে তিনজনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। প্যারোলের আবেদনকারী আইনজীবী মো. মিজানুর রহমান মিন্টু বলেন, ‘আমরা প্যারোলের আবেদন করেছিলাম। তবে প্রশাসন থেকে জানানো হয়, প্যারোলে মুক্তি সম্ভব নয়, জেলগেটে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে।’ এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা বললেন, ‘আমার কাছে প্যারোলে মুক্তির একটি আবেদন আসে, যা জেলা প্রশাসক বরাবর করা হয়েছিল। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করি। তিনি অফিসে না থাকায় আবেদনটি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। পরে তিনি জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেন। আমিও সেই সিদ্ধান্ত স্বজনদের জানিয়ে দিই।’ এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এর আগে প্যারোলে মুক্তি না মেলায় গত ২৪ জানুয়ারি মৃত স্ত্রী ও সন্তানকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। জেলগেটেই শেষ বিদায় জানান যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি। শাওন খান/এফএ/এএসএম

Go to News Site