Jagonews24
দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। এরই মধ্যে তুমুল জনপ্রিয়তায় পৌঁছেছে পারিবারিক গল্পের নাটকটি। মূলত পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। মোট ৫২ পর্বে ইতি টানছে জনপ্রিয় এই সিরিয়ালটি। আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে রাজ তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ১৮ বছরের ক্যারিয়ারে আজকের এই ভালোবাসা আমার কাছে একদম নতুন। ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে আপনাদের অগণিত কল আর মেসেজে আমি সত্যিই অভিভূত। দর্শকদের এই ভালোবাসাই একজন পরিচালকের শ্রেষ্ঠ পুরস্কার। কৃতজ্ঞতা সবার প্রতি!’নাটকে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। মেহরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এমআই/এলআইএ
Go to News Site