Somoy TV
সিরাজগঞ্জের তাড়াশে টিএমএসএস নামের একটি এনজিও থেকে নেয়া ৫০ হাজার টাকা ঋণের মধ্যে ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় মোছা. জান্নাতি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। জান্নাতির আব্দুর রহিম নামের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে জান্নাতি খাতুন ছেলেসহ তাড়াশ থানা পুলিশের হেফাজতে রয়েছে। আরও পড়ুন: জেলে বসে ঋণ শোধ সহজ নয়, বিএনপি নেতাদের বিষয়ে অর্থমন্ত্রী তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, ওই গৃহবধূর নামে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুর রাজ্জাক বছর খানেক আগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। সেই সময় তিনি চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহণ করেন। এরপর আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওর চাকরি থেকে ইস্তফা দেন। আরও পড়ুন: হাওরে ডুবে আছে বোরো ধান, ঋণগ্রস্ত কৃষকদের হাহাকার পরে আব্দুর রাজ্জাক এনজিওর জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় করতে শাখা ব্যবস্থাপককে অনুরোধ করেছিলেন। কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা ঋণের সঙ্গে সমন্বয় না করে তার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত ঋণ গ্রহীতা হিসেবে জান্নাতির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আর সেই পরোয়ানামুলে তাড়াশ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার জান্নাতিকে শুক্রবার (১ মে) সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান তাড়াশ থানার অফিসার ইনচার্জ।
Go to News Site