Collector
পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই, আটক ৩ | Collector
পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই, আটক ৩
Somoy TV

পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই, আটক ৩

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে কুপিয়ে আহত করে সরকারি একটি শর্টগান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে এই হামলার ঘটনা ঘটে। পরে ঘটনার প্রায় চার ঘণ্টা পর শুক্রবার (১ মে) ভোরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধারসহ ঘটনায় জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ২টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ ‘লিমা-৪’ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়ার তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে তদন্ত করতে যায়। কিন্তু সেখানে আগে থেকেই অবস্থান নেয়া ১৪-১৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কনস্টেবল ফয়সাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার ডান হাতের দুটি আঙুল কেটে যায় এবং পেটে গুরুতর জখম হয়। এছাড়া এএসআই সোহেল রানাকেও হাঁটুর নিচে কুপিয়ে আহত করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগানটি ছিনিয়ে নেয়। খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফের চালু হচ্ছে সরকারি দুই হাসপাতালের আইসিইউ পরবর্তীতে শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া শর্টগানটি উদ্ধার করা হয়। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘রাতে পুলিশের নিয়মিত টহল চলাকালে ছিনতাইকারীরা হামলা চালিয়ে অস্ত্রটি ছিনিয়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে যায় তারা। আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’ নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘গভীর রাতে ছিনতাই হওয়া অস্ত্রটি ভোরে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে।’

Go to News Site