Somoy TV
আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেবে এবং তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।২০২৬ সালের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ৪৮ দলের এই আসরে অংশ নেয়া দলগুলোকে একাধিক দেশে ভ্রমণ করতে হবে, যা ভিসা জটিলতা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।ইরান এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা বিশ্বকাপ আয়োজনের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলে তিনি মনে করেন।তবে ইনফান্তিনো আবারও জানিয়ে দিলেন, ইরান বিশ্বকাপ অংশগ্রহণ করবে। ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুবই সহজ, আমাদের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সবাইকে কাছাকাছি আনতে হবে, এটি আমার দায়িত্ব।’আরও পড়ুন: বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় বলবেন মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্যভাবে নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে।যদিও ইরান বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছিল, ফিফা তা নাকচ করে দিয়েছে এবং আগের সূচিই বহাল রেখেছে। ফলে সব জল্পনা শেষে নিশ্চিতভাবেই বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ইরানকে।
Go to News Site