Somoy TV
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামিদের মধ্যে ৮ জন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন।শুক্রবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে থাকা একজন ও কারাগার পার্ট-২-এ থাকা ৭ বন্দি মুক্তি পান।বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাদের কারাগার থেকে একজন ও বাকিদের অন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার আট আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় বন্দীদের জামিনে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে বন্দীদের স্বজনেরা উপস্থিত ছিলেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার হালিমা খাতুন বলেন, জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে শুক্রবার সকালে তার কারাগার থেকে একজন ও বিকেলে ছয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।আরও পড়ুন: গাজীপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ৪ পুলিশ সদস্য আহতপ্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। যেখানে ১৫২ জনের মৃত্যুদণ্ড ও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর খালাস পান ২৭৮ জন।
Go to News Site