Somoy TV
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন বিয়েবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের আল আমিনের বিয়ের আয়োজন ছিল। বিকেলে বরযাত্রী আসার পর খাবার দিতে কিছুটা বিলম্ব হয়। এতে ক্ষিপ্ত হয়ে বরপক্ষের লোকজন হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে কনেপক্ষের ওপর চড়াও হন এবং অনুষ্ঠানস্থলের চেয়ার, টেবিল ও কাঁচের তৈজসপত্র ভাঙচুর করেন।কনেপক্ষের দাবি, বরযাত্রী নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক বেশি আসায় খাবার ব্যবস্থাপনায় কিছুটা সময় লাগছিল। তারা অভিযোগ করেন, অতিরিক্ত মেহমান আসায় সাময়িক খাবার সংকট দেখা দেয়। এতে বরপক্ষের লোকজন উত্তেজিত হয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে পিটিয়ে আহত করে।অন্যদিকে বরপক্ষের দাবি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তাদের ৫ জন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন: খুলনায় ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহতআড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, 'খাবার দিতে দেরি হওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'ওসি আরও বলেন, 'এ ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। আমরা অভিযোগ গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠয়েছি। তবে কনেপক্ষ কোন অভিযোগ করেনি। পরবর্তীতে দুপক্ষ শান্ত হয়েছে। যেহেতু দুপক্ষই পাশাপাশি এলাকার বাসিন্দা ও তাদের পারিবারিক ব্যাপারা। তাই থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।'
Go to News Site