Collector
মাদারীপুরে কিশোর মারুফকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ | Collector
মাদারীপুরে কিশোর মারুফকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
Somoy TV

মাদারীপুরে কিশোর মারুফকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুরের ডাসারে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।শুক্রবার (১ মে) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে উত্তেজিত জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সঙ্গে জমি নিয়ে একই এলাকার মোফাজ্জেল সরদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২৫ এপ্রিল সকালে সেই বিরোধপূর্ণ জমি পরিমাপের সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোফাজ্জেল সরদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলামের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে এলে মারুফ সরদারসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে গত ২৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে স্বজনদের মানববন্ধনমানববন্ধনে অংশ নেওয়া নিহতের স্বজনরা আক্ষেপ প্রকাশ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজন কিশোরকে এভাবে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে ১২ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিরা বর্তমানে পলাতক থাকলেও তাদের ধরতে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Go to News Site