Somoy TV
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিটিজেনস এগেইনস্ট করাপশন (সিএসি)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে আয়োজিত এ সভার প্রতিপাদ্য ছিল— ‘শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসির চেয়ারম্যান ইউসুফ হোসেন। সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান এবং শেরে বাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্র মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএসির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু এবং কবি আশরাফুল ইসলাম। সভায় বক্তারা জানান, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি হলেও তারা এখনো অনেক ক্ষেত্রে ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়। আরও পড়ুন: ১৪০ বছরে শ্রমের অধিকার কি পৌঁছেছে শ্রমিকের ঘরে? সভাপতির বক্তব্যে ইউসুফ হোসেন বলেন, ‘গার্মেন্টস, নির্মাণ, পরিবহন ও শিল্পখাতসহ সব সেক্টরের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’ প্রধান অতিথি মার্গুব মোর্শেদ বলেন, ‘দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিক; সবার মধ্যে জবাবদিহিতা ও সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।’ আরও পড়ুন: দেশে এখনো শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত হয়নি: রিজভী সংগঠনের জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ বলেন, ‘এই দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করার মাধ্যমে আমাদের এই দেশকে শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চায় সিটিজেনস এগেইনস্ট করাপশন।’ তিনি জানান, সংগঠনটি সেই পথেই যাত্রা শুরু করেছে। এ সময় সংগঠনের সহ-সভাপতি শাখাওয়াত হোসেনও বক্তব্য রাখেন।
Go to News Site