Somoy TV
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দীর্ঘদিনের বিরোধ মীমাংসা হওয়ার পরও সীমানা উপড়ে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে ভুক্তভোগী ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।শুক্রবার (১ মে) সকাল ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মনির হোসেন (২৯) একই গ্রামের লোকমান মৃধার ছেলে। এ ঘটনায় তিনি শিবালয় থানায় একটি অভিযোগ দিয়েছেন। থানায় দেয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, মহাদেবপুর গ্রামের মো. রাব্বি (২৭), তার বাবা মো. বাবলু মিয়া (৪৫) এবং ঢাকার ধামরাইয়ের নবী মিয়ার (৪০) সাথে ভুক্তভোগী মনিরের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে জমি পরিমাপ করে সম্প্রতি সীমানার খুঁটি স্থাপন করা হয়। কিন্তু শুক্রবার সকালে অভিযুক্তরা ওই সীমানা খুঁটি উপড়ে ফেলে মনিরের জায়গায় প্রবেশ করে এবং জোরপূর্বক পাকা ঘরের কাজ শুরু করে। ভুক্তভোগী মনির হোসেন জানান, তিনি বিষয়টি দেখে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারধর করতে তেড়ে আসে। এ সময় মনির তার মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইট ছুড়ে মারে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় মরিচ চাষে আশার আলো দেখাচ্ছে ‘মালচিং’ পদ্ধতি গ্রামবাসীর অভিযোগ, অভিযুক্ত মো. রাব্বি দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছেন। ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে তিনি বিভিন্ন জনকে হুমকি-ধামকি ও মারধর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন। এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ ও হামলার ঘটনায় মনির নামের এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। পুলিশের পক্ষ থেকে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Go to News Site