Somoy TV
লিটন দাসের নেতৃত্বে আরও একটা সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতলেই কিউইদের ফিরতে হবে খালি হাতে। অধিনায়ক হিসেবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিটন, দলের সাফল্যে তাকেই কৃতিত্ব দিচ্ছেন সতীর্থরা। অন্যদিকে, হাল ছাড়ছে না ব্ল্যাকক্যাপরাও। মিরপুরে শনিবার (২ মে) ম্যাচ শুরু দুপুর ২টায়।মিরপুর থেকে চট্টগ্রাম ঘুরে আবারো মিরপুর। আগের বারে অধিনায়ক মিরাজ সিরিজ জিতে সফল। এবার লিটনের সামনে পরীক্ষা, জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজের ইতি টানার। তেমনটা হলে রেকর্ড গড়বে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কখনোই এক সফরে একাধিক সিরিজ জেতেনি টাইগাররা। অধিনায়ক হিসেবেও সবাইকে ছাড়িয়ে যাবার সুযোগ লিটনের সামনে। মিরপুরে জিতলে বনে যাবেন দেশের সফলতম টি-২০ অধিনায়ক। ২০ ওভারের ফরম্যাটে যখন অভ্যস্ত হওয়া শুরু করেছে টাইগাররা, তখনই বিশ্বকাপ হাতছাড়া হবার কষ্ট এখনো পোড়ায় ক্রিকেটারদের। লিটনের অধিনায়কত্বে ঠিক এমন ধারার ক্রিকেটটাই চালিয়ে যাবার অঙ্গীকার শামীম পাটোয়ারীর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার এ ব্যাটার বলেন, ‘সিরিজ জেতার ভালো একটি সুযোগ আছে। টি-টোয়েন্টিতে অনেকগুলো সিরিজ আমরা জিততে পেরেছি। আমাদের দলের মধ্যে ভালো একটা বোঝাপড়া হয়েছে। দুঃখজনকভাবে আমরা বিশ্বকাপটা মিস করে ফেলেছি। এখানে কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। অবশ্যই অধিনায়কত্ব ম্যাটার করে।’ আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের আপাতত চিন্তার কারণ সাইফ হাসানের ফর্ম। চট্টগ্রামে রেকর্ড রান তাড়ার দিনেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না এই ওপেনার। আফগানিস্তান সিরিজের পর থেকে ভুগছেন রান খরায়। একাডেমি মাঠে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাইফ। গুরুত্ব দেয়া হয়েছে স্পিন ডিপার্টমেন্টেও। হোম অব ক্রিকেটের উইকেট বিবেচনায় বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রাধান্য পাবেন পেসাররাই। বিপরীত চিত্র কিউই শিবিরে। সিরিজ বাঁচাতে আরও একজন স্পিনার বাড়াতে পারে সফররতরা। সংবাদ সম্মেলনে কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট বলেন, ‘উইকেট দেখে কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে আমি জানি না কী হবে। প্রথম ম্যাচে খুব একটা বাজে করিনি। বোলিং আর ব্যাটিংয়ের কিছু ক্ষেত্রে খুব একটা নিয়ন্ত্রন করতে পারিনি। অবশ্যই সিরিজে সমতা আনার সুযোগ আছে।’ আরও পড়ুন: আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের উন্নতি টি-টোয়েন্টিতে শেষ চার দেখায় সমানে সমান দুই দল। টাইগারদের দুই জয়ের বিপরীতে দুই জয় ব্ল্যাকক্যাপসেরও।
Go to News Site