Somoy TV
শ্রমিক-কর্মচারীরা ঐক্যবদ্ধ থাকলে মালিকপক্ষের কাছ থেকে সব দাবি আদায় করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, শ্রমিকরা বিভিন্ন দল ও মতে বিভক্ত হয়ে পড়লে অধিকার আদায় কঠিন হয়ে পড়বে।শুক্রবার (১ মে) বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক-কর্মচারী, জাতীয়তাবাদী শ্রমিক দল, বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এ সভার আয়োজন করেন। সভায় শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘মোংলা বন্দর ও শিল্পাঞ্চলের প্রাণ হলো শ্রমিক-কর্মচারীরা। শ্রমিক না থাকলে মোংলা বন্দর, ইপিজেড, ইকোনমিক জোন ও শিল্পাঞ্চলের কলকারখানা চলবে না। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের স্লোগান হলো দুনিয়ার মজদুর এক হও। আপনারা এক থাকলে মালিক ও সরকারের কাছ থেকে যেকোনো দাবি আদায় সহজ হবে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকের এই আধুনিক সভ্যতার কারিগর হলো এদেশের শ্রমজীবী মানুষ। শ্রমিকরা কেবল উৎপাদনের হাতিয়ার নয়, তারা সমুদ্রবন্দরসহ প্রতিটি শিল্প ও কলকারখানার প্রাণ। তাদের রক্ত-ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা নিশ্চিত করা মালিকপক্ষ এবং সরকারের পবিত্র দায়িত্ব।’ আরও পড়ুন: মোংলা বন্দর সংলগ্নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক ব্যবসা প্রতিষ্ঠান শ্রমিকদের সতর্ক করে তিনি বলেন, ‘কিছু অসাধু চক্র শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ফায়দা লুটতে চায়। শ্রমিক স্বার্থ রক্ষায় আপনাদের যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ থাকলে অধিকার আদায় সম্ভব নয়। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার এবং আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সংবেদনশীল।’ আলোচনা সভায় শ্রমিক নেতা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, থানা বিএনপির সভাপতি মো. আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মো. নাছির তালুকদার ও গোলাম নুর জনি, যুবদল নেতা ইমান হোসেন রিপন ও এম এ কাশেম। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন। সভায় শ্রমিক নেতারা মোংলা বন্দরের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। তাই মালিকপক্ষ ও সরকারের প্রতি শ্রমিক-কর্মচারীদের দিকে সুনজর দেয়ার দাবি জানান তারা।
Go to News Site