Somoy TV
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।শনিবার (২ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দফতর। এতে বলা হয়, মোতায়েনকৃত এলাকার মধ্যে রয়েছে হযরত শাহজালালের (রহ.) মাজার, চাঁদনী ঘাট, বাসিয়া খাল, সিলেট সিটি করপোরেশন, সিলেট জেলা স্টেডিয়াম এবং সিলেট শিল্পকলা একাডেমি এলাকা। বিজিবি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করতেই এসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে, দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। আরও পড়ুন: আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের সই করা এক সফরসূচি থেকে জানা গেছে, শনিবার (২ মে) প্রধানমন্ত্রী এই সফরে যাবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় তার বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা এবং প্রচার মিছিল করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনও আলাদা আলাদা মিছিল করেছে। সব মিলিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফর সফল করতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, ‘সিলেট দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় এ সফরে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দ্রুত ঢাকা-সিলেট যাতায়াত এবং শিল্পায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।’ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি সুধী সমাবেশে অংশগ্রহণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
Go to News Site