Somoy TV
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক, ব্যবসায়ীসহ আরও তিনজন।শনিবার (২ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর চলমান সিএনজি পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর এলাকার মৃত নেহাল উদ্দিনের ছেলে। আরও পড়ুন: নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ফায়ার সার্ভিস ও হাইওয়ে সূত্রে জানা যায়, মহাসড়কের ওই এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেঁয়াজবাহী আরেকটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দিলে সবজিবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুই ট্রাকের চালক ও এক সবজি ব্যবসায়ীসহ মোট তিনজন। বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ভোরে ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Go to News Site