Somoy TV
বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে মহান মে দিবস। বেতন বৈষম্যরোধ, ন্যূনতম মজুরি বাড়ানোসহ কর্মক্ষেত্রে নানা সুযোগ-সুবিধার দাবি নিয়ে রাস্তায় নেমে আসেন শ্রমজীবী মানুষ। পর্তুগালে প্রস্তাবিত শ্রম আইন বাতিলের জোরাল দাবি জানান শ্রমিক নেতারা।বাদ্যযন্ত্রের তালে তালে বিশ্বের শ্রমজীবী মানুষের মর্যাদার বিশেষ দিন পালিত হয় পর্তুগালের রাজধানী লিসবনে। দেশটির শ্রমজীবী মানুষের সংগঠন সিজিটিপির উদ্যোগের আয়োজিত র্যালিতে অংশ নিতে রাস্তায় নেমে আসেন লাখো জনতা। ব্যানার ও প্ল্যাকার্ডে তুলে ধরা হয় দাবি-দাওয়া। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে শহরের গুরুত্বপূর্ণ সড়ক এভিনিদা আলমিরানতে রেইস। সপ্তাহে ৩৫ কর্মঘণ্টা নির্ধারণ, ন্যূনতম মজুরি বাড়ানোসহ সবার জন্য স্বাস্থ্যসেবা বা পেনশন নিশ্চিতের দাবি জানান র্যালিতে অংশগ্রহণকারীরা। এছাড়া প্রস্তাবিত শ্রম আইন বা লেবার প্যাকেজকে অন্যায্য আখ্যা দিয়ে বাতিলের জোরাল দাবি জানান তারা। বেতন বৈষম্যরোধসহ সবার সমান অধিকারের দাবি নিয়ে অভিবাসীদের সংগঠন সলিডারিটি ইমিগ্র্যান্টের ব্যানারে র্যালিতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। নানা কর্মসূচির মধ্য দিয়ে ফ্রান্সেও পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। রাজধানী প্যারিস থেকে শুরু করে অন্যান্য শহর প্রকম্পিত ছিল শ্রমিকদের নানা অধিকারের দাবিতে। তিন লাখের বেশি মানুষ অংশ নেন এবারের সমাবেশে। ফ্রান্সে বসবাসরত কয়েক লাখ অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবি ছিল এবারের সমাবেশের প্রধান দিক। আরও পড়ুন: ১৪০ বছরে শ্রমের অধিকার কি পৌঁছেছে শ্রমিকের ঘরে? মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বানে জার্মানিজুড়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উদযাপনে সবচেয়ে বেশি মানুষের সমাবেশ হয় জার্মানির রাজধানী বার্লিনে। নগরীর নয়াকোলন ও ক্রয়েজবার্গের বিভিন্ন পয়েন্টে শ্রম দিবসের পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে হাজির হন লাখো মানুষ। যুদ্ধ, পুঁজিবাদী ব্যবস্থা, শোষণ, বঞ্চনা, জ্বালানি তেল নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। বার্লিনে মে দিবসের র্যালিতে অংশ নেয়া দেশটির এক নাগরিক বলছিলেন, ‘শ্রমিক হিসেবে মে দিবসটি পালন করাটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই দেশে কর্মীদের অধিকার ক্রমশ ছোট হয়ে আসছে। যেটি আমাদের জন্য হুমকি। একইসঙ্গে বলতে চাই ইরান, ফিলিস্তিন, ইউক্রেন কিংবা লেবাননে যেন শান্তি প্রতিষ্ঠা হয়।’ মহান মে দিবস উপলক্ষ্যে শুক্রবার ইতালিতে অনুষ্ঠিত হয় বিশাল কনসার্ট। প্রতিবছর মে দিবস উপলক্ষে কনসার্ট আয়োজন করে দেশটির শ্রমিক ফেডারেশনগুলো। এদিন শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন নেতারা। আরও পড়ুন: আজ মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মালদ্বীপের রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্থানীয় এবং প্রবাসী শ্রমজীবী মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাদের অধিকারের কথা জানান। এই সমাবেশের আয়োজন করেন মালদ্বীপ ট্রেড ইউনিয়ন কংগ্রেস ও সাধারণ শ্রমজীবী মানুষেরা।
Go to News Site