Jagonews24
গরমের তীব্রতায় শুধু ত্বকই নয়, চুলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাইরে বের হলেই ধুলা, দূষণ আর ঘামের কারণে চুল নিস্তেজ হয়ে পড়ে, মাথার ত্বকে জমে অস্বস্তিকর গন্ধ, এমনকি চুল পড়াও বেড়ে যায়। এই সময় পার্লারে গিয়ে নিয়মিত হেয়ার ট্রিটমেন্ট নেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। আবার বাজারের হেয়ার সিরাম কিনে ব্যবহার করাও বেশ ব্যয়বহুল। এই পরিস্থিতিতে ঘরে তৈরি হেয়ার সিরাম হতে পারে সবচেয়ে সহজ সমাধান। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সিরামগুলো যেমন সাশ্রয়ী, তেমনি চুল ও মাথার ত্বকের জন্য নিরাপদ। সঠিকভাবে ব্যবহার করলে এগুলো বাজারের দামি সিরামের মতোই ভালো ফল দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক ঘরোয়াি কোন সিরাম ব্যবহার করলে ভালো ফল পাবেন- লেবু ও পুদিনা পাতার হেয়ার সিরাম গরমে মাথার ত্বকে ঘাম জমে দুর্গন্ধ হওয়া খুবই সাধারণ সমস্যা। এই সমস্যার সহজ সমাধান হতে পারে লেবু ও পুদিনা পাতার মিশ্রণ। লেবুর রস স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে, আর পুদিনা ঠান্ডা অনুভূতি দেয়। অর্ধেক লেবুর রস, এক মুঠো পুদিনা পাতার রস এবং এক কাপ পানি ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই সিরামটি স্প্রে বোতলে ভরে ব্যাগেও রাখতে পারেন। বাইরে বের হলে বা অতিরিক্ত ঘাম হলে চুলে স্প্রে করলেই সতেজ অনুভূতি ফিরে আসবে। অ্যালোভেরা জেলের হেয়ার সিরাম কোরিয়ান স্কিনকেয়ারের মতো তাদের হেয়ার কেয়ারও বেশ জনপ্রিয়। এই সিরামটি চুলকে মসৃণ, উজ্জ্বল ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ২ চামচ অ্যালোভেরা জেল, এক চামচ চাল ভেজানো পানি, ৪-৫ ফোঁটা রোজমেরি অয়েল এবং ১ চামচ গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এটি একটি পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার পর চুল শুকিয়ে গেলে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা নিয়ে মাথার ত্বকে লাগান। হালকা হাতে ম্যাসাজ করলে সিরামটি ভালোভাবে শোষিত হয় এবং চুলে একটি নরম ও চকচকে স্তর তৈরি করে। রোজমেরি হেয়ার সিরাম চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে রোজমেরি খুবই কার্যকর একটি উপাদান। এটি মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে। আধা কাপ নারিকেল তেল বা অর্গান অয়েল নিয়ে হালকা গরম করুন। এতে রোজমেরির শুকনো পাতা যোগ করে কম আঁচে কিছুক্ষণ ফুটতে দিন, যাতে পাতার নির্যাস তেলে মিশে যায়। এরপর গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হলে এতে কয়েক ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আপনার হেয়ার সিরাম। এটি নিয়মিত ব্যবহার করলে চুল মজবুত ও স্বাস্থ্যকর থাকে। আরও পড়ুন:চুল পড়া বন্ধ হবে রসুন ব্যবহারে কলার খোসা ফেলে না দিয়ে চুলের যত্নে ব্যবহার করুন গোলাপ জল ও টি-ট্রি অয়েলের সিরাম গরমে স্ক্যাল্পে ঘাম জমে দুর্গন্ধ হওয়া এবং খুশকির সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে গোলাপ জল ও টি-ট্রি অয়েলের মিশ্রণ খুবই উপকারী। আধা কাপ গোলাপ জলে ৩থেকে ৪ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন। এটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। বাইরে বের হওয়ার আগে চুল ও স্ক্যাল্পে স্প্রে করলে ঘাম কম জমে এবং দুর্গন্ধও হয় না। এটি চুলকে সতেজ রাখে এবং স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। যে কারণে ঘরোয়া সিরাম ব্যবহার করবেন ঘরে তৈরি সিরামের সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো ক্ষতিকর রাসায়নিক থাকে না। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটি চুলের জন্য নিরাপদ এবং দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়। এছাড়া এটি সাশ্রয়ী, সহজলভ্য এবং নিজের প্রয়োজন অনুযায়ী বানানো যায়। নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে, চুল হয় মসৃণ ও উজ্জ্বল, আর স্ক্যাল্প থাকে সতেজ। গরমের এই সময়ে চুলের বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি। একটু সময় নিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন কার্যকর হেয়ার সিরাম। নিয়মিত ব্যবহার করলে শুধু চুলের সমস্যা কমবে না, বরং চুল ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতা ও প্রাণ। সূত্র: হেলথ লাইন, পার্পেল ডটকম, টাইমস অব ইন্ডিয়া এসএকেওয়াই
Go to News Site