Somoy TV
নরসিংদীতে পারিবারিক কলহ ও প্রেমঘটিত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।শনিবার (২ মে) সকালে নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আল আমিন (৩০) পেশায় একজন মিশুক চালক ও ঘাতক হাসানের বড় ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন ও হাসান রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজার এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে। তারা নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থেকে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।স্বজনদের অভিযোগ, স্থানীয় যুবক নাইম দীর্ঘদিন ধরে তাদের বোন তাসলিমা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে দুই সন্তানের জননী তাসলিমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তারা গ্রামে চলে যান। তিন দিন আগে বড় ভাই আল আমিন বিষয়টি মীমাংসা করে আবার শহরের বাসায় ফিরে আসেন। তবে এই সমঝোতা মেনে নিতে পারেননি ছোট ভাই হাসান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে পৌঁছালে ঘটনার আগের রাতেই হাসান বড় ভাইকে হুমকি দেন। আরও পড়ুন: নরসিংদীতে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যার পর পালালেন স্বামীএরই ধারাবাহিকতায় শনিবার সকালে আল আমিন বাজার করতে বের হলে সাটিরপাড়া এলাকায় আজাদ ফিলিং স্টেশনের সামনে হাসান ধারালো অস্ত্র দিয়ে তার পেটে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছোট ভাই হাসান ও বিরোধের সাথে জড়িত নাইমকে আটক করে।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, আইনানুগ প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হবে।
Go to News Site