Somoy TV
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল কেন্ট তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে মন্তব্য করার সুযোগ সাময়িকভাবে বন্ধ করেছে। প্রধান কোচ অ্যাডাম হলিওক বলেছেন, তীব্র সমালোচনা খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।মৌসুমের শুরুটা ভালো হয়নি কেন্টের। তিনটি ম্যাচ শেষে তারা বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের তলানিতে অবস্থান করছে। দলের এই বাজে পারফরম্যান্সের কারণে হতাশ কেন্ট সমর্থকদের কাছ থেকে অনলাইনে বেশ কড়া মন্তব্য এসেছে।গত শুক্রবার (১ মে) ক্যান্টারবেরিতে ডার্বিশায়ার কাউন্টির বিপক্ষে ম্যাচ শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে হলিওক স্বীকার করেন, দলের পারফরম্যান্স 'আমরা নিজেদের কাছ থেকে যে মান আশা করি, তার ধারেকাছেও ছিল না।' তবে গ্রাহাম থর্পের ঘনিষ্ঠ বন্ধু হলিওক বলেন, কেন্টের স্কোয়াডকে সুরক্ষা দেওয়া তার 'দায়িত্বের অংশ'। থর্প ২০২৪ সালে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছিলেন। হলিওক বলেন, 'ক্রিকেটে খেলোয়াড় ও কোচ হিসেবে আমার পুরো ক্যারিয়ারে আমাকে অনেক কিছু সামলাতে হয়েছে; এটা কোনো গোপন বিষয় নয়।' আরও পড়ুন: ঝুম বৃষ্টির পর মিরপুরে হালকা রোদ, আশা দেখাচ্ছে সমর্থকদেরঅ্যাডামের ছোটভাই বেন হলিওকও ইংল্যান্ডের অলরাউন্ডার ছিলেন, ২০০২ সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। হলিওক সাবেক ইংল্যান্ড ব্যাটার রবিন স্মিথেরও ঘনিষ্ঠ ছিলেন। স্মিথ গত বছরের শেষ দিকে মৃত্যুর আগে মদাসক্তির সঙ্গে লড়াই করেছিলেন।৫৪ বছর বয়সী হলিওক তার দুই বন্ধুর বেদনাময় সমাপ্তির বিষয়ে বলেন, 'সাম্প্রতিক সময়ে আমি দেখেছি, ইংল্যান্ডের হয়ে যাদের সঙ্গে খেলেছি এমন দুই বন্ধু মানসিক স্বাস্থ্যের দিক থেকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, এবং আমি দুজনকেই হারিয়েছি। এটা আমার কাজের অংশ এবং আমার দায়িত্বের মধ্যেই পড়ে, যাতে আমরা আর এমন কিছু না দেখি।'তিনি আরও বলেন, 'পেশাদার ক্রিকেট বিভাগ হিসেবে, আমাদের মিডিয়া টিমের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে মন্তব্য করার সুযোগ স্থগিত রাখা হবে।''এ সিদ্ধান্ত আমরা হালকাভাবে নিইনি। আমরা কোনোভাবেই মানুষের মত প্রকাশ বন্ধ করছি না। তবে স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে খেলোয়াড় ও স্টাফদের যেন স্বাধীনতা ও স্বচ্ছতা নিয়ে ভাবতে ও খেলতে পারে, সে জন্য আমরা মনে করি এই পদক্ষেপটি প্রয়োজনীয়,'–তিনি যোগ করেন।
Go to News Site