Collector
শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হলো বাংলাদেশের মেয়েরা | Collector
শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হলো বাংলাদেশের মেয়েরা
Somoy TV

শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হলো বাংলাদেশের মেয়েরা

জয়ের লক্ষ্যটা খুব একটা বড় ছিল না— মাত্র ৮৮ রানের লক্ষ্য। তবে সংখ্যায় ছোট মনে হলেও, হাতে যদি থাকে মাত্র ৯ ওভার, তখন সেটিই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বাংলাদেশের নারী দলের জন্য এই লক্ষ্যটা মোটেও সহজ ছিল না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেখানে ১৫০-এর বেশি রান তাড়া করে জয়ের অভিজ্ঞতা নেই, সেখানে সিলেটে আজ ৮৮ রানও নাগালের বাইরেই থেকে গেল।জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৩ রানের আক্ষেপে থামতে হয়েছে নিগার সুলতানার দলকে। শেষ দুই বলে দরকার ছিল ৬ রান, কিন্তু সেই সমীকরণ মেলাতে না পারায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই এড়ানো গেল না। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচটি নেমে আসে ৯ ওভারে; সেখানে শ্রীলঙ্কা ৬ উইকেটে তোলে ৮৭ রান। জবাবে বাংলাদেশও ৬ উইকেট হারালেও তাদের সংগ্রহ থামে ৮৪ রানে।  আজকের পরাজয়ের গল্পও যেন আগের দুই ম্যাচেরই পুনরাবৃত্তি। সেখানেও রান তাড়ার চ্যালেঞ্জ নিতে হয়েছিল নিগার সুলতানার দলকে। দুই ম্যাচেই ওপেনাররা আশাব্যঞ্জক সূচনা এনে দিলেও মাঝের সারির ব্যাটিং ভেঙে পড়ায় শেষ পর্যন্ত ২৫ ও ২১ রানের ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে।  আরও পড়ুন: ডিপিএলে খাদ্যাভ্যাস, অ্যাম্বুলেন্স ও মোবাইল ফোন সংক্রান্ত নতুন যেসব উদ্যোগ বিসিবির শনিবার (২ মে) অবশ্য জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তারের ওপেনিং জুটি ভালো শুরু এনে দিতে পারেনি। ১.২ ওভারে ১৩ রান তুলতেই দিলারার বিদায়ে ভেঙে যায় সেই জুটি। এরপর জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারির জুটিতে কিছুটা আশার আলো দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে তারা ২০ বলে যোগ করেন ৩০ রান। তবে জুয়াইরিয়া ১১ বলে ১৫ রান করে ফিরলে আবারও ছন্দ হারায় দল।  এরপর শুরু হয় পরিচিত ভাঙনের গল্প। ষষ্ঠ ওভারে সোবহানা ১৫ বলে ২১ রান করে আউট হলে সমীকরণ দাঁড়ায়— ২০ বলে প্রয়োজন ৩২ রান। পরের দিকে স্বর্ণা আক্তার ও রিতু মণির দ্রুত বিদায়ে চাপ আরও বাড়ে। শেষ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪ রান, যা আর পেরোনো সম্ভব হয়নি।  শেষ দিকে ভরসার প্রতীক হয়ে থাকা অধিনায়ক নিগার সুলতানা চেষ্টা করেছিলেন দলকে জয়ের পথে টেনে নিতে। তবে চামারি আতাপাত্তুর করা ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন তিনি।  আরও পড়ুন: ডিপিএলের তিন রাউন্ডের সূচি প্রকাশ, কে কার মুখোমুখি এরপর সুলতানা খাতুন দারুণ লড়াইয়ের ইঙ্গিত দেন— পরের তিন বলে দুটি ডাবলস ও একটি চার মেরে ম্যাচটাকে এনে ফেলেন নাগালের মধ্যে। কিন্তু অভিজ্ঞ আতাপাত্তুর কৌশলের সামনে শেষ পর্যন্ত আর আগানো যায়নি। পঞ্চম বলে আসে মাত্র এক রান। শেষ বলে যখন প্রয়োজন ৫ রান, শারমিন সুলতানা নিতে পারেন কেবল একটিই। আর তাতেই ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।  ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচে সেরা পারফর্মার ছিলেন চামারি আতাপাত্তু। বল হাতে ২ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। এরপর ব্যাট হাতে ইনিংসের সূচনা করে ২৭ বলে ৪১ রান করে দলের সর্বোচ্চ স্কোরারও হন এই অভিজ্ঞ ক্রিকেটার। অন্যদিকে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন সুলতানা খাতুন। ২ ওভারে মাত্র ৮ রান খরচায় তিনি শিকার করেন ৩টি উইকেট।

Go to News Site