Somoy TV
সংগ্রাম পেরিয়ে ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে চলেছেন অভিনেতা সামীর রূহানী। রাজশাহীতে বেড়ে ওঠা এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিজের প্রচেষ্টা ও একাগ্রতায় অভিনয় জগতে প্রতিষ্ঠা পেয়েছেন। শৈশব থেকেই বর্ণবৈষম্য, কথার জড়তা ও আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি হয়েও থেমে থাকেননি তিনি।ছোটবেলা থেকেই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন সামীর। তবে ক্লাস ফাইভ থেকেই তিনি নিজেকে গড়ে তুলতে শুরু করেন শিল্পচর্চা, লেখালেখি এবং বিশ্বসাহিত্যের বই পড়ার মাধ্যমে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে কাটিয়ে ওঠেন কথার জড়তা এবং অর্জন করেন ইংরেজি, হিন্দি, উর্দু, তুর্কিশ, স্প্যানিশসহ একাধিক ভাষায় দক্ষতা।২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করে অ্যাসিস্ট্যান্ট ও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করার পর ২০১৭ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে আসেন। এরপর অন্তর্জাল সিনেমায় সিয়াম আহমেদের বন্ধুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। পরবর্তীতে লোকাল-এ প্যারালাল লিড চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এছাড়া একাধিক নাটকে তিনি কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র ও ওটিটি প্রজেক্টের ম্যানেজমেন্টেও যুক্ত রয়েছেন তিনি। চরকির প্রজেক্ট ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘দাগী’সহ একাধিক সফল কাজের ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি, ফরেন পলিসি ও ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে বিদেশি জার্নালে লেখালেখি করেন।তার অনুপ্রেরণা সালমান শাহ ও শাহরুখ খান। ভবিষ্যতে হলিউডে কাজ করার স্বপ্ন দেখছেন এই অভিনেতা। তার লক্ষ্য—বিশ্বমানের অ্যাকশন থ্রিলার সিনেমায় নিজেকে প্রমাণ করা।সামীর রূহানীর মতে, স্বপ্ন এমন হওয়া উচিত, যা নিজেকে ঘুমাতে দেবে না, আর অন্যদেরও ভাবিয়ে তুলবে। স্বপ্ন যদি মানুষকে বিস্মিত বা ভয় না দেখায়, তাহলে সেটা সত্যিকারের স্বপ্ন নয়। তাই তিনি স্বপ্ন দেখছেন বড়, দামী ও অসীম।
Go to News Site