Somoy TV
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা দৌড়ে নাটকীয় মোড়। দাপুটে এক জয়ে আবারও শীর্ষে উঠে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল আর্সেনাল। আর তাতে চাপে পড়ে গেল ম্যানচেস্টার সিটি।শনিবার (২ মে) নিজেদের মাঠে ফুলহামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নেয় আর্সেনাল। ম্যাচের সবগুলো গোলই আসে প্রথমার্ধে, যেখানে দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন ভিক্তর ইয়োকারেশ। অন্য গোলটি করেন বুকায়ো সাকা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ এখন সিটির চেয়ে ৬ পয়েন্ট বেশি। যদিও সিটির হাতে এখনো দুটি ম্যাচ বাকি। সোমবার এভারটনের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই ঘাটতি কমানোর সুযোগ পাবে পেপ গার্দিওলার দল। শিরোপা দৌড়ে গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে আর্সেনাল এখন সিটির চেয়ে ৪ গোল এগিয়ে। শেষ পর্যন্ত যদি দুই দলই বাকি ম্যাচগুলো জিতে নেয়, তবে এই ব্যবধানই নির্ধারণ করতে পারে চ্যাম্পিয়ন। আরও পড়ুন: সালাহর শেষ অধ্যায় এখনও বাকি, সুখবর দিলেন কোচ লিগে আর্সেনালের বাকি তিন ম্যাচ ওয়েস্টহ্যাম ইউনাইটেড (অ্যাওয়ে), বার্নলি (হোম) এবং ক্রিস্টাল প্যালেসের (অ্যাওয়ে) বিপক্ষে। তুলনামূলকভাবে সহজ সূচিই পাচ্ছে তারা। অন্যদিকে সিটির সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। মজার বিষয়, মাত্র ১০ দিন আগেই আর্সেনালকে সরিয়ে প্রায় ২০০ দিনের শীর্ষ অবস্থান দখল করেছিল সিটি, তখন অনেকেই তাদেরকেই শিরোপার প্রধান দাবিদার মনে করেছিলেন। তবে লিগে শেষ ম্যাচ না খেলেই কিছুটা ছন্দ হারিয়েছে গার্দিওলার দল, আর সেই সুযোগে আবারও এগিয়ে গেছে আর্সেনাল। ম্যাচে চোট কাটিয়ে প্রায় ছয় সপ্তাহ পর একাদশে ফিরে আসা সাকা দারুণ প্রভাব রাখেন। নবম মিনিটে তার পাস থেকে গোল করেন ইয়োকারেশ। এরপর ৪০ মিনিটে উল্টো ইয়োকারেশের পাসে গোল করেন সাকা। প্রথমার্ধের যোগ করা সময়ে লিয়ান্দ্রো ত্রোসার্ডের ক্রস থেকে হেড করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ইয়োকারেশ, যা তার মৌসুমের ২১তম গোল। ম্যাচ শেষে ইয়োকারেশ বলেন, ‘আমরা কখনো বিশ্বাস হারাইনি। আর হারাবও না।’ আরও পড়ুন: ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা দৌড়ে চাপটা এখন পুরোপুরি সিটির কাঁধে। তবে বাকি তিন ম্যাচের কোনোটিতে হোঁচট খেলে চাপে পড়বে আর্সেনালও ।
Go to News Site