Somoy TV
বার্সেলোনা প্রত্যাশামতো ঝলমলে ফুটবল খেলতে না পারলেও লক্ষ্য পূরণে কোনো ভুল করেনি। ওসাসুনার মাঠে কঠিন লড়াইয়ে ২-১ গোলের জয় তুলে নিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার পথে বড় ধাপ এগিয়েছে কাতালানরা।শনিবার (২ মে) রাতে ম্যাচে শুরুতে দুই দলই ছিল বেশ সতর্ক। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার দেখাতে পারেনি বার্সেলোনা। বরং ৩৬তম মিনিটে ওসাসুনাই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল, কিন্তু আন্তে বুদিমিরের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও কয়েকবার হুমকি তৈরি করলেও গোল পায়নি স্বাগতিকরা।দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়াতে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন কোচ হ্যান্সি ফ্লিক। সেই পরিবর্তনের ফল আসে ম্যাচের শেষদিকে। ৮১তম মিনিটে রবার্ট লেভানডোভস্কি হেডে গোল করে দলকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন নিখুঁত ফিনিশে।আরও পড়ুন: ইয়ামালের ইনজুরির সর্বশেষ আপডেট জানালেন বার্সা কোচ, বিশ্বকাপ খেলতে পারবেন তো?তবে ম্যাচ সহজে শেষ হয়নি। দ্রুতই এক গোল শোধ করে চাপ তৈরি করে ওসাসুনা। রাউল গার্সিয়ার হেডে ব্যবধান কমে গেলে শেষ মুহূর্তে বাড়ে উত্তেজনা। তবু শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বার্সেলোনা।এই জয়ে ৩৪ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৪। ফলে শিরোপা জয়ের পথ এখন অনেকটাই পরিষ্কার ফ্লিকের দলের জন্য।
Go to News Site