Somoy TV
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ে ধানের জমি পানিতে তলিয়ে যেতে দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আক্তার হোসেন (৬০) নামের এক কৃষক মারা গেছেন বলে দাবি করেছে তার পরিবার। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।আক্তার হোসেন দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিম পাড়ার মৃত দুধা মিয়ার ছেলে।দেওঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. নাছিমা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পানিতে তলিয়ে যাওয়া পাকা ধানের জমি দেখে আক্তার হোসেন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ মৃতের পরিবার জানায়, তিনি ৩ একর জমিতে বোরোধান আবাদ করেছিলেন। টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় তার জমির ধান পানির নিচে চলে যায়। কিছু ধান কাটা হলেও পরিবহন সংকটে তা বাড়িতে পারেননি। বিকেলে জমিতে গিয়ে ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন।ভাতিজা তৌহিদ জানান, চাচা আক্তার হোসেন প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ধান নষ্ট হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে জমিতে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, টানা বৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা ধান কাটতে গিয়ে পড়েছেন চরম দুর্ভোগে।আরও পড়ুন: হাওড়াঞ্চলে পানির নিচে কষ্টের ফসল, কাটা ধান শুকানো নিয়েও দুশ্চিন্তায় কৃষকজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আজকে নতুন করে আরও ২ হাজার হেক্টর বোরোধানের জমি তলিয়ে গেছে। এ নিয়ে মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওড়াঞ্চলে।
Go to News Site