Collector
২২ কোটি ডলারের তেল নিয়ে মার্কিন অবরোধ এড়াল ইরানের সুপার ট্যাংকার | Collector
২২ কোটি ডলারের তেল নিয়ে মার্কিন অবরোধ এড়াল ইরানের সুপার ট্যাংকার
Somoy TV

২২ কোটি ডলারের তেল নিয়ে মার্কিন অবরোধ এড়াল ইরানের সুপার ট্যাংকার

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চলমান কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার।জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) মালিকানাধীন এই বিশাল জাহাজটির নাম ‘হিউজ’। জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্যাংকারট্র্যাকারস জানায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। আরও পড়ুন: নতুন করে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল ইরান, পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র সংস্থাটি আরও জানায়, গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেয়ার সময় ‘হিউজ’ ইরানের জলসীমায় ছিল। এর আগে গত ২০ মার্চ জাহাজটি মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে সেটির ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা এআইএস বন্ধ রাখা হয়েছিল। ফলে জাহাজটির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙেছে। তবে মার্কিন সামরিক বাহিনী বলেছে, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪৮টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। আরও পড়ুন: ইরান ‘অসদাচরণ’ করলে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। এতে ইরান ও লেবাননে সংঘাত স্থায়ীভাবে বন্ধ, হরমুজ খুলে দেয়াসহ বিভিন্ন দফা রয়েছে। প্রস্তাবটি পর্যালোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

Go to News Site