Collector
সারগাম স্টুডিওর কর্ণধার ফারুক কবির বাদল আর নেই, সংগীতাঙ্গনে শোক | Collector
সারগাম স্টুডিওর কর্ণধার ফারুক কবির বাদল আর নেই, সংগীতাঙ্গনে শোক
Jagonews24

সারগাম স্টুডিওর কর্ণধার ফারুক কবির বাদল আর নেই, সংগীতাঙ্গনে শোক

বাংলাদেশের সংগীত জগতের পরিচিত নাম, সারগাম স্টুডিওর কর্ণধার ফারুক কবির বাদল মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গনে। গভীর শোক প্রকাশ করেছেন ব্যান্ডসংগীতের অন্যতম পথিকৃৎ মাকসুদুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় মাকসুদুল হক জানান, ফারুক কবির বাদল ছিলেন অত্যন্ত নীরব, বিনয়ী ও নিরহংকার একজন মানুষ। নিজের অসংখ্য অবদানের পরও তিনি কখনো সামনে আসতে চাইতেন না। কোনো কৃতিত্ব নিতে আগ্রহী ছিলেন না। তিনি আরও বলেন, বাংলাদেশের সংগীতাঙ্গনে প্রথম দিককার রেকর্ডিং উদ্যোক্তাদের একজন ছিলেন ফারুক কবির বাদল। বিশেষ করে ব্যান্ড সংগীতের বিকাশে তার ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। বহু প্রতিকূলতা সত্ত্বেও তিনি অসংখ্য শিল্পীর গান রেকর্ড ও প্রকাশের সুযোগ করে দিয়েছেন। তার অবদান ছাড়া দেশের ব্যান্ডসংগীতের ইতিহাস হয়তো ভিন্নরকম হতো। বিশেষ করে মাকসুদুল হক স্মরণ করেন, ফিডব্যাক ব্যান্ডের গুরুত্বপূর্ণ অ্যালবাম ‘উল্লাস’ (১৯৮৭) এবং ‘মেলা’ (১৯৯০) প্রকাশের পেছনেও ছিল ফারুক কবির বাদলের গুরুত্বপূর্ণ ভূমিকা। এসব কাজের মাধ্যমে তিনি বাংলা ব্যান্ডসংগীতে স্থায়ী ছাপ রেখে গেছেন। আর্ক ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘মুক্তিযুদ্ধ’ও প্রকাশ পেয়েছিল সারগাম থেকে। তার ব্যক্তিত্বের কথা তুলে ধরে মাকসুদুল হক বলেন, ফারুক কবির বাদল ছিলেন উদার হৃদয়ের একজন মানুষ, যিনি সবার ভালোবাসা অর্জন করেছিলেন। শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ সংগীতাঙ্গনের অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।   এলআইএ

Go to News Site