Somoy TV
জেলা প্রশাসকদের জবাবদিহিতা নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের (ডিসি) উদ্বোধনী পর্বে এই কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, কোনো ছাড় দেয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। অনিয়ম করলে কোনো ছাড় দেয়া হবে না। জবাবদিহিতা নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে থাকবে।’ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করারও তাগিদ দেন সরকার প্রধান। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত নিয়মিত ও কার্যত দৃশ্যমান করা জরুরি। সেদিকে সবাইকে নজর দিতে হবে। সরকারি প্রতিষ্ঠানে ভোগান্তি নিরসন করতে হবে। বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিষয়ে কঠোর নজর দেয়া প্রয়োজন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলা- এ ধরনের অনুষ্ঠান নির্দিষ্ট সময়ে না করে সারাবছর আয়োজনের চর্চা শুরু করতে হবে। কুটির শিল্পের বিষয়ে নজর দেয়া লাগবে।’ আরও পড়ুন: যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘মতভেদ থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ।’ এর আগে সকাল সোয়া ১০টার পর সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
Go to News Site