Jagonews24
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি চরমপন্থি নেতা কালু বাহিনীর অন্যতম সদস্য আব্দুল আলীম ওরফে চিকন আলীমকে (৪৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৩ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে শনিবার (২ মে) বিকেলে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৩ মে) র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২২ এপ্রিল রাতে কুষ্টিয়া সদর থানার হরিপুর ঘাট এলাকায় গড়াই নদীর মুখ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে লক্ষীকুন্ডা নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালায়। এসময় ৮-৯ জন দুষ্কৃতকারী স্পিডবোটে এসে নৌ পুলিশের ওপর শটগানের গুলি ছোড়ে। এতে নৌ পুলিশের ইনচার্জসহ চার সদস্য ও নৌকার মাঝি আহত হন। এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেন। র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রাজধানীর মিরপুর-১৪ এলাকায় পুলিশ কোয়ার্টারের সামনে ফুটওভারব্রিজের নিচে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কুষ্টিয়ার কুমারখালী-খোকসা ও পদ্মা নদী এলাকায় চরমপন্থি নেতা কালু বাহিনীর হয়ে প্রভাব বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী আরও বলেন, ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আলীম বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। দীর্ঘদিন নজরদারির পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। টিটি/ইএ
Go to News Site